আরব দেশের জনৈক সাহিত্যিক বর্ণনা করেন যে, আমি বাগদাদ নগরীর দেশবরেণ্য এক ধনী ব্যক্তির মজলিসে আমন্ত্রিত হ’লাম। আমি যাওয়ার পূর্বে শতাধিক ওলামায়ে কেরাম উক্ত মজলিসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিতিদের অনেকেই আমার পরিচিত ছিলেন, আবার অনেকে ছিলেন অপরিচিত। দাওয়াতদাতা দশ বস্তা ‘আখরোট’ মঞ্চের সামনে উপস্থিত করলেন। উদ্দেশ্য ছিল, দাওয়াতী মেহমানদেরকে ‘আখরোট’ দিয়ে বিদায় জানাবেন। ইতিমধ্যে উষ্কখুষ্ক চুলবিবিষ্ট আলখেল্লা পরিহিত এক পাগল এসে সভাপতির সামনে হাযির হ’ল। সে সকলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অভিনব কৌশলে সভাপতিকে লম্বা সালাম ঠুকে বলল, ‘মারহাবান বিকা ইয়া রাঈসাল হাফলাহ, মা হাযিহি’? ‘মহামান্য সভাপতি! আপনাকে ধন্যবাদ। এগুলি কি’? সভাপতি তার বাক্যালাপের ভাব বুঝতে পেরে তাকে একটা আখরোট দিলেন। ফলটি পেয়ে পাগল খুশীতে বাগবাগ হয়ে একবার ফলের দিকে আর একবার সভাপতির দিকে তাকাতে লাগল। অতঃপর সে আরেকটি ফল পাবার আশায় বেশ সুর-তাল দিয়ে দু’সংখ্যা বিশিষ্ট কুরআন মাজীদের এই আয়াতাংশ পাঠ করল, ثَانِيَ اثْنَيْنِ ‘তিনি ছিলেন দু’জনের দ্বিতীয়জন’ (তওবা ৪০)।
