---ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সম্পাদক মন্ডলীর সভাপতি
মাসিক আত-তাহরীক
মানুষের সৃষ্টিকাল থেকেই পিওর ও
পপুলারের দ্বন্দ্ব চলছে। জান্নাতে ইবলীস আদম ও হাওয়াকে নিষিদ্ধ বৃক্ষের
প্রতি প্রলুব্ধ করেছিল সেখানে তাদের চিরস্থায়ী হওয়ার লোভ দেখিয়ে। সেদিন
ইবলীসের পপুলার প্রস্তাবের কাছে পিওরের অনুসারী আদম ভুলক্রমে পরাজিত হন।
ফলে তাদেরকে জান্নাত থেকে বেরিয়ে আসতে হয় (ত্বোয়াহা ২০/১২০-২৩)।
এভাবে সেদিন পিওরের প্রতি প্রথম হিংসা করেছিল ইবলীস। অতঃপর দুনিয়াতে
আদমপুত্র হাবীলের পিওর ঈমানের প্রতি প্রথম হিংসা করেছিল পপুলার বড় ভাই
ক্বাবীল। হাবীল তার মেষপালের সেরাটি আল্লাহর জন্য কুরবানী দিয়েছিল।
অন্যদিকে ক্বাবীল তার কৃষিপণ্যের নিকৃষ্টটি আল্লাহর জন্য ছাদাক্বা দিয়েছিল।
আল্লাহ উভয়ের অন্তরের খবর রাখতেন। তাই তিনি পিওরটি কবুল করলেন। অতঃপর আকাশ
থেকে আগুন এসে সেটিকে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু ক্বাবীলের ছাদাক্বা
দুনিয়াতেই পড়ে রইল (ইবনু কাছীর)। এতে হিংসায় জ্বলে উঠল ক্বাবীল।
অথচ এতে হাবীলের কোন হাত ছিল না এবং তার কোন দোষ ছিল না। তবুও ক্বাবীলের
নিকট হাবীল হত্যাযোগ্য আসামী হয়ে গেল ও তার হাতে হাবীল নিহত হ’ল (মায়েদাহ ২৭-৩০)।
